বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ (১৩ নভেম্বর)। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম, নাটক ও চলচ্চিত্র এখনো পাঠক-দর্শকের কাছে সমান জনপ্রিয়।
সহজ ভাষায় সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরার অসাধারণ দক্ষতা ছিল হুমায়ূন আহমেদের। প্রেম, বিরহ, হাসি-কান্না, পারিবারিক সম্পর্ক ও মানবমনের জটিল অনুভূতি তার লেখায় পেয়েছে ভিন্ন মাত্রা। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যাঙ্গনে আলোচনায় আসেন তিনি এবং পরে ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’ ও ‘কোথাও কেউ নেই’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাস উপহার দেন।
তার সৃষ্টি হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকের কাছে বিশেষ আকর্ষণ। সাহিত্যচর্চার পাশাপাশি টেলিভিশন নাটকেও রেখেছেন অসামান্য অবদান। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘আজ রবিবার’ নাটকের মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সফল ছিলেন হুমায়ূন আহমেদ। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’ ও ‘ঘেটুপুত্র কমলা’ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা যান এই নন্দিত লেখক এবং গাজীপুরের নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়। জন্মদিনে ভক্ত-অনুরাগীরা নানা আয়োজনে স্মরণ করছেন প্রিয় লেখককে; তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












