তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: বাড়িতে দ্রুতগতির ওয়াইফাই সংযোগ থাকার পরও অনেক সময় ইন্টারনেটের গতি হঠাৎ কমে যায়, যা কাজের ছন্দ নষ্ট করে। এর জন্য প্রায়ই ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানকে দায়ী করা হলেও অনেক সময় সমস্যার আসল কারণ লুকিয়ে থাকে ঘরের ভেতরেই। ঘরের কিছু সাধারণ ইলেকট্রনিক যন্ত্রপাতি ও আসবাব রাউটারের একেবারে কাছে রাখলে সেগুলো থেকে নির্গত তরঙ্গ ওয়াইফাই সিগন্যালের পথে বড় বাধা সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের মাইক্রোওয়েভ ওভেন ওয়াইফাই সিগন্যালের অন্যতম বড় শত্রু। মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াইফাই রাউটার—উভয়ই ২.৪ গিগাহার্জ রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ফলে ওভেন চালু হলে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে সিগন্যালের চলাচলে ব্যাঘাত ঘটায়। একইভাবে কর্ডলেস ল্যান্ডলাইন ফোন, ব্লুটুথ স্পিকার ও ওয়্যারলেস ইয়ারফোনও একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ভিড় বা ইন্টারফারেন্স তৈরি করে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়।
বর্তমানে ঘরের সৌন্দর্য রক্ষায় অনেকেই বড় স্মার্ট এলইডি টিভির পেছনে বা টিভি ক্যাবিনেটের ভেতর সেট-টপ বক্সের পাশে রাউটার লুকিয়ে রাখেন। এটি একটি বড় ভুল; কারণ টিভির ভেতরের বড় সার্কিট বোর্ড, ধাতব প্লেট ও কাচের স্ক্রিন রেডিও সিগন্যাল প্রতিফলিত করে বা আটকে দেয়।
এ ছাড়া ঘরের বড় ধাতব আলমারি, লোহার গ্রিল এবং বড় আয়নাও ওয়াইফাই সিগন্যাল দুর্বল করে দিতে পারে। তাই নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট পেতে হলে রাউটার টিভি বা ধাতব বস্তুর আড়ালে না রেখে ঘরের খোলামেলা ও উঁচু স্থানে স্থাপন করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ











