জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ: শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ জন শিক্ষার্থীকে বদলির ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার এক মাস পর তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ইতোমধ্যেই ৭ জন শিক্ষার্থী ছাড়পত্র গ্রহণ করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে স্কুল ছুটির পর বিভিন্ন শ্রেণির একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করে রাজনৈতিক স্লোগান দিতে থাকে। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগান দেয়। ওই ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং নানা প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা প্রশাসকের নির্দেশনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অনুসন্ধান শেষে সম্প্রতি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্ত ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে টিসি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
টিসিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি; অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক জানান, জেলা প্রশাসকের নির্দেশনা এবং তদন্তে সত্যতা পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই তিনি বাস্তবায়ন করেছেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক স্লোগানের জেরে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এমন কঠোর সিদ্ধান্তের প্রভাব কী হবে, তা নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












