জেলা প্রতিনিধি
গাজীপুর: গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের বেধড়ক হামলায় গুরুতর আহত তরুণ শ্রমিক তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর পর তার নিথর মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌঁছালে পরিবার ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মরহুম তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবার আকস্মিক মৃত্যুর পর পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করতে পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে গাজীপুরে পাড়ি জমান তৌফিক। সেখানে এক বন্ধুর মাধ্যমে তিনি স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ শুরু করেন এবং বাংলাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন শুরু হলে তৌফিকও সহকর্মীদের সঙ্গে সড়কে নেমে আসেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গত সোমবার আন্দোলন চলাকালে একদল দুর্বৃত্তের ভাঙচুর ও হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করেন তৌফিক। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার ওপর অতর্কিত চড়াও হয়ে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার মাথায় ও শরীরে মারাত্মক রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তবে পুলিশের কোনো অভিযানে ওই শ্রমিক আহত হননি; আন্দোলনের ভেতরে থাকা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হামলায় তিনি আহত হয়েছিলেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












