বিনোদন ডেস্ক
ঢাকা: ছয় দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অনন্য অভিনয়ের স্বাক্ষর রাখা হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো পাচ্ছেন আজীবন সম্মাননা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অভিনয়শিল্পীদের সংগঠন ‘সাগ-আফট্রা’ ঘোষণা করেছে, ২০২৭ সালে তাদের মর্যাদাপূর্ণ ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে ৮৬ বছর বয়সী এই তারকার হাতে।
সংগঠনটির দেওয়া এই সম্মাননার ৬২তম প্রাপক হতে যাচ্ছেন আল পাচিনো। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৩৩তম অ্যাক্টর অ্যাওয়ার্ডসের আসর, যা সরাসরি সম্প্রচারিত হবে নেটফ্লিক্সে। সেই জাঁকজমকপূর্ণ আয়োজনেই তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ সিনেমায় মাইকেল করলিওনে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে তুমুল খ্যাতি পান আল পাচিনো। এরপর ‘সারপিকো’, ‘স্কারফেস’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ










