আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে সামান্য পতন হয়েছে। রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনকারী নির্দিষ্ট কিছু জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা এবং জরুরি মজুত থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগে বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ৯৭ ডলার ৪৩ সেন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) জরুরি মজুত থেকে আরও ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং আগে প্রতিশ্রুত অবশিষ্ট অপরিশোধিত তেল বাজারে ছাড়ার উদ্যোগ কিছুটা স্বস্তি এনেছে। এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড উচ্চতায় পৌঁছানো নৌপরিবহন ব্যয় কমাতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার নির্দিষ্ট কিছু তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন। তবে বাব আল-মানদেব, লোহিত সাগর ও হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা শঙ্কা এখনো তেলের বাজারে উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









