লাইফস্টাইল ডেস্ক
ঢাকা: বার্ধক্য মানবজীবনের একটি স্বাভাবিক অধ্যায় হলেও এ সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিপাকক্রিয়া (মেটাবলিজম) স্বাভাবিকভাবেই ধীর হয়ে আসে। ফলে তরুণ বয়সে যেসব খাবার সহজে হজম হতো, বয়োবৃদ্ধদের ক্ষেত্রে সেসব খাবারই নানা জটিল রোগের কারণ হতে পারে। তাই সুস্থ ও দীর্ঘায়ু জীবনের জন্য বয়োজ্যেষ্ঠদের খাদ্যাভ্যাসে বিশেষ সতর্কতা প্রয়োজন।
পুষ্টিবিদদের মতে, বয়স্কদের খাদ্যতালিকা থেকে বেশ কিছু উপাদান কঠোরভাবে পরিহার বা সীমিত করা উচিত। এর মধ্যে প্রথমেই রয়েছে উচ্চ সোডিয়াম ও প্রিজারভেটিভযুক্ত প্রক্রিয়াজাত মাংস, যা রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। এছাড়া কোমল পানীয় ও অতিরিক্ত মিষ্টি পানীয় টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা তৈরি করে। পুষ্টিহীন সাদা পাউরুটি ও ময়দার তৈরি খাবার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।
একই সঙ্গে অতিরিক্ত তেল ও ক্যালোরিযুক্ত ডুবোতেলে ভাজা খাবার, ফুল-ফ্যাট দুগ্ধজাত পণ্য (যা কোলেস্টেরল বাড়ায়) এবং উচ্চ-সোডিয়ামযুক্ত টিনজাত খাবার এড়িয়ে চলা উচিত। এছাড়া কেক ও পেস্ট্রির মতো উচ্চ চিনি ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বাদ দিয়ে বেশি করে শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার এবং ভেষজ মসলা দিয়ে রান্না করা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












