স্পোর্টস ডেস্ক ঢাকা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম দুই হাজার (২০০০) রান স্পর্শ করার অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় মারকুটে ওপেনার অভিষেক শর্মা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যাচে মাত্র ১৮ বলে ফিফটি হাঁকিয়ে শেষ পর্যন্ত ৩০ বলে ৬৯ রানের টর্নেডো ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার।
অভিষেক শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রানের ক্লাবে পৌঁছাতে খেলেছেন মাত্র ১ হাজার ২৪টি বল। এর মাধ্যমে তিনি স্বদেশি ব্যাটার ও জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের গড়া রেকর্ড ভেঙে দিলেন, যিনি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ১ হাজার ১৬৪টি বল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের কোনো ব্যাটারের হিসেবে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির নজির।
চলতি বছর আন্তর্জাতিক অঙ্গনে স্বপ্নের মতো সময় পার করছেন অভিষেক। মাত্র ৩২ ম্যাচে প্রায় ৩০ গড় এবং ২০৬.৫০ স্ট্রাইক রেটে তিনি সংগ্রহ করেছেন ৯২১ রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। এছাড়া এক পঞ্জিকাবর্ষে ৬৮টি ছক্কা হাঁকিয়ে তিনি সূর্যকুমারের সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন। প্রথম ছয় ওভারের পাওয়ার প্লেতে সাতবার পঞ্চাশোর্ধ্ব রান করার বিরল কীর্তিও এখন তাঁর ঝুলিতে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












