আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নিতে দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই আটক হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ শীর্ষ তিন নেতা দীর্ঘ ১০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তাদের পরিবার ও দল।
দলটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার পরপরই অভিজিৎ দ্বীপকে, সৌরভ দাস এবং আশুতোষকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ তাদের কোন থানায় বা কোথায় রেখেছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। এমনকি আইনজীবীদেরও তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
সিজেপির ভারপ্রাপ্ত নেতারা অভিযোগ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্বহীন করতে মোদি সরকারের নির্দেশে কেন্দ্রীয় পুলিশ তাদের শীর্ষ নেতাদের গুম করে রেখেছে। নেতাদের অবিলম্বে জনসমক্ষে হাজির না করা হলে সারা ভারতজুড়ে রেলপথ ও মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলটি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












