রাজনীতি ডেস্ক
ঢাকা: বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়, বরং দুই দেশের জনগণের মাঝে শত বছরের গভীর ঐতিহ্যগত ও আত্মিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবে।
শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ঐতিহ্যবাহী ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)-এর সহযোগিতায় আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকরা অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশের চলমান সামগ্রিক সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের রূপরেখা এবং বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে ঢাকা-আঙ্কারা দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ডা. শফিকুর রহমান বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ বিষয়ক গবেষণা ও নীতিনির্ধারণী সংলাপের ক্ষেত্র তৈরিতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












