জেলা প্রতিনিধি
ময়মনসিংহ: সরকারি ফ্যামিলি কার্ড তৈরি করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়ার পর কাগজে টিপসই নিয়ে এক বিধবা নারীর নামে ভুয়া বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় ও দফায় দফায় সালিশ বৈঠক চলছে।
ভুক্তভোগী আছিয়া বেগম (৪৩) জানান, প্রায় ১৩ বছর আগে স্বামী মারা যাওয়ার পর মানুষের জমিতে দিনমজুরি করে দুই ছেলেকে বড় করেছেন। প্রায় দেড় মাস আগে স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ডের কথা বলে তার টিপসই নেন। কিন্তু কিছুদিন পর এলাকায় ছড়িয়ে পড়ে আছিয়ার নাকি বিয়ে হয়ে গেছে এবং তার সামনে আড়াই লাখ টাকা দেনমোহরের একটি জাল কাবিননামা ও এফিডেভিট উপস্থাপন করা হয়, যাতে বর হিসেবে রয়েছে পূর্বপরিচিত আবদুল কুদ্দুছের নাম। আছিয়ার দাবি, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি এবং কাজিও দেখেননি।
এদিকে কাবিননামায় নাম থাকা কাজী গোলাম মোস্তফা ও সাক্ষী সাইফুল ইসলাম জানিয়েছেন, কাগজটি সম্পূর্ণ জাল এবং তারা এ বিয়ের বিষয়ে কিছুই জানেন না। ঘটনার পর থেকেই অভিযুক্ত আবদুল কুদ্দুছ ও আবদুস ছাত্তার এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন। ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছেন, ঘটনাটি তারা শুনেছেন; লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









