শিক্ষা ডেস্ক
ঢাকা: সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ পর্যালোচনায় বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। তিনি আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ গুরুত্বপূর্ণ সফরে আসছেন তিনি। সফরকালে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় সর্বস্তরের মানুষের প্রবেশাধিকার এবং জাতীয় বাজেটে শিক্ষা খাতে অর্থায়নের বিষয়টি তার মূল পর্যবেক্ষণে প্রাধান্য পাবে।
১২ দিনের এই সরকারি সফরে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি, আন্তর্জাতিক সহযোগী সংস্থা, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় বৈঠকে অংশ নেবেন। সফর শেষে তিনি প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










