প্রযুক্তি ডেস্ক
ঢাকা: তরুণ গ্রাহকদের আকর্ষণীয় ফিচার উপহার দিতে দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও উন্নত ভিডিও প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’ উন্মোচন করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বা পানিরোধী প্রযুক্তির এই ডিভাইসের মাধ্যমে পানির নিচে অনায়াসেই স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা যাবে, এমনকি অসাবধানতাবশত পানিতে পড়ে গেলেও হ্যান্ডসেটটি অক্ষত থাকবে।
টেকনো বাংলাদেশের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১। এর সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ অপশন। ডিভাইসটির পেছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যার সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক এআই ইমেজিং ইঞ্জিন ও হাই ট্রান্সলেটর ফিচার।
ফোনের দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিতে এতে দেওয়া হয়েছে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের (mAh) শক্তিশালী ব্যাটারি। এছাড়া ফোনটিতে যুক্ত করা হয়েছে উন্নত ড্রপ-রেজিস্ট্যান্স সক্ষমতা, ফলে প্রায় সাড়ে পাঁচ ফুট ওপর থেকে শক্ত মেঝেতে পড়ে গেলেও ডিসপ্লে বা বডি ভাঙবে না। নয়েজ ক্যানসেলেশন ডুয়াল স্পিকারযুক্ত এই টেকসই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে সংস্করণভেদে ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৩ হাজার ৯৯৯ টাকা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












