বিনোদন ডেস্ক
ঢাকা:
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এলো এক ঐতিহাসিক ও গৌরবময় অর্জন। উৎসবের ৮৩তম আসরে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের বিভাগ ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’-এ (প্রেমিও বিসাতো দ’ওরো) সেরা পরিচালকের মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা রুবাইয়াত হোসেন। তাঁর পরিচালিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য এই অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে ভেনিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জুরি বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রুবাইয়াতের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উৎসবের মূল ও সম্মানজনক শাখা ‘অরিজন্তি’ বিভাগে প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে জায়গা করে নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক সমালোচক ও গণমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াতে থাকে ছবিটি। সিনেমাটির নামভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। এছাড়া অতিথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, সুনেরাহ্ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু ও শতাব্দী ওয়াদুদ। ভেনিসের গৌরব অর্জনের পর ছবিটি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











