স্পোর্টস ডেস্ক
ঢাকা: সবাইকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের পেসার জন টার্নার। দীর্ঘদিন ধরে পিঠের ইনজুরিতে (স্ট্রেস ফ্র্যাকচার) ভুগছিলেন তিনি। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় বাধ্য হয়েই পেশাদার ক্রিকেটকে অকালে বিদায় জানালেন এই তরুণ ইংলিশ পেসার।
এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে টার্নার বলেন, ‘আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারাটা আমার শৈশবের সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার চেয়ে কম ছিল না।’ পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ২০২৫ সালের জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন তিনি।
নিজের এই কঠিন সিদ্ধান্ত সম্পর্কে টার্নার আরও বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। স্ট্রেস ফ্র্যাকচারে আমি এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে। এই চোট আমাকে ক্রিকেটার হিসেবে এবং ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে, জীবনের পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণের এটাই সঠিক সময়।’
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টার্নারের। পরের মাসেই টি-টোয়েন্টি সংস্করণেও তার পথচলা শুরু হয়। ওই বছরের নভেম্বরেই তিনি দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন। ইংল্যান্ডের জার্সি গায়ে ২টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৩টি উইকেট শিকার করেছেন জন টার্নার।
বাংলাফ্লো/এম এইচ এইচ









