বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ‘নতুন ধারা বাংলাদেশ’-এর চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন। কারাগারে যাওয়া দলটির অপর চার নেতা হলেন—ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরী সরকার। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মনিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শান্তা ফারজানা ও মোমিন মেহেদীর নামে একাধিক ওকালতনামা জমা পড়ায় তাদের জামিন শুনানি হয়নি। তবে অপর চার আসামির পক্ষে আইনজীবী মফিজুল ইসলাম আসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি দাবি করেন, এই চারজন ঘটনার সঙ্গে জড়িত নন, পুলিশ তাদের শুধু শুধু গ্রেপ্তার করেছে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের তীব্র বিরোধিতা করে বলেন, এরা ফ্যাসিস্ট সরকারের দোসর এবং ভিন্ন দল তৈরি করে বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা বলে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাবুল সরদার নামের এক ব্যক্তির দায়ের করা এই মামলায় ওই ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে আবারও মারামারি শুরু হয়। এতে জরুরি বিভাগের চিকিৎসাসেবা দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে। হাসপাতালে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শান্তা ফারজানাসহ ওই ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ এবং রাত ১১টার দিকে কঠোর নিরাপত্তায় তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












