বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এই জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি ও জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখেন। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে প্রবেশের জন্য দর্শনার্থীদের অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কর্তৃক এই জাদুঘর উদ্বোধনের বিস্তারিত তথ্য জানিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সে সময় তিনি বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হলো জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চিরস্থায়ী স্মারক হিসেবেই এই ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












