জেলা প্রতিনিধি
টাঙ্গাইল: টাঙ্গাইলে আলোচিত আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পী হত্যা মামলার সাক্ষীকে খোদ আদালত প্রাঙ্গণেই হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে মামলার সাক্ষী মো. ইকবাল হোসেন টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে বাপ্পী হত্যা মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত হন ইকবাল হোসেন। অভিযোগ উঠেছে, এ সময় মামলার অন্যতম আসামি মুরাদ সিদ্দিকী (৬৫) তাকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ প্রয়োগ করেন।
ইকবাল হোসেনের অভিযোগ, তিনি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে মুরাদ সিদ্দিকী তাকে সরাসরি হত্যার হুমকি দেন। পরে নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে তিনি টাঙ্গাইল সদর থানায় একটি জিডি দায়ের করেন এবং পুলিশের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

উল্লেখ্য, অভিযুক্ত মুরাদ সিদ্দিকী টাঙ্গাইলের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের ছোট ভাই।
দুই যুগের বেশি সময় ধরে ঝুলে আছে বিচারকাজ: দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চাঞ্চল্যকর আমিনুর রহমান খান বাপ্পী হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে। ২০০৩ সালের ২১ নভেম্বর টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজের বাসার কাছে মসজিদে যাওয়ার পথে জেলা আওয়ামী লীগ নেতা বাপ্পী ও তার সঙ্গী আবদুল মতিনকে নির্মমভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা আতাউর রহমান খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির বিচারকাজ এখনো শেষ হয়নি। বর্তমানে মামলাটি আদালতে সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিচারকাজ এমন দীর্ঘায়িত হওয়ায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












