বিনোদন ডেস্ক
ঢাকা: আবারও চর্চায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় অ্যাকশন সিনেমা নির্মাতা রোহিত শেঠি। তিনি আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন। এবার ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই নির্মাতার কাছে ২০ কোটি টাকা চাঁদা দাবি করে একটি অডিও বার্তা পাঠানো হয়েছে। শুধু তা-ই নয়, ওই অডিও বার্তায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দাবি অনুযায়ী অর্থ না দিলে এবার সোজা তাঁকেই নিশানা করা হবে। কয়েক মাস আগে মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর বাড়ির বাইরে গুলির ঘটনার পর নতুন করে এই হুমকি দেওয়া হলো।
প্রায় ৯০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে দাবি করা হয়েছে, রোহিত শেঠি নির্ধারিত অর্থ না দিলে এবার তাঁর বাড়ি নয়, সরাসরি তাঁকেই লক্ষ্য করে হামলা চালানো হবে। বার্তায় আরও বলা হয়, এর আগে তাঁর বাড়িতে যে গুলির ঘটনা ঘটেছিল, সেটি ছিল কেবল একটি সতর্কবার্তা। অডিও ক্লিপটি হাতে পাওয়ার পরপরই রোহিতের কর্মীরা তা মুম্বাই পুলিশের কাছে জমা দেন এবং পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, অডিওতে শোনা কণ্ঠটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং পলাতক অভিযুক্ত শুভম লোনকরের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ল্যাব রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। জানা গেছে, শুভম লোনকরকে এর আগেও একাধিক আলোচিত মামলায় খোঁজা হচ্ছে। ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে গুলির ঘটনার তদন্তেও তাঁর নাম উঠে এসেছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির বাড়ির বাইরে মোটরসাইকেলে এসে এক ব্যক্তি গুলি চালিয়েছিল। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং ওই হামলার দায় স্বীকার করে। তদন্তে দীপক শর্মা নামের এক ব্যক্তিকে হামলার মূল শুটার হিসেবে চিহ্নিত করে উত্তরপ্রদেশের আগ্রা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর এপ্রিলে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ওই ঘটনায় ১ হাজার ৬২৪ পৃষ্ঠার চার্জশিট আদালতে জমা দেয়, যেখানে ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে প্রবীণ লোনকর ও আরজু বিষ্ণোইকে পলাতক দেখানো হয়েছে। নতুন করে এই হুমকির পর রোহিত শেঠির নিরাপত্তা আরও জোরদার করেছে মুম্বাই পুলিশ।
বাংলাফ্লো/এম এইচ এইচ






