জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই দিন দুপুরে এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি একটি ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের ব্যানারে লেখা ছিল, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও ছাত্রদের উপর আরোপিত সকল বেআইনি নিপীড়নমূলক শাস্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল’। ব্যানারের নিচের অংশে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ থাকার পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবিও যুক্ত ছিল।
নিষিদ্ধ সংগঠনের এই প্রকাশ্য মিছিলের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর






