আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ঘোষিত আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের জনপ্রিয় সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক। বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই সমাজকর্মীর আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশটির রাজনৈতিক মহলে।
সোনম ওয়াংচুক পরিষ্কার জানিয়েছেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তিনি ৬ জুন দিল্লিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে অংশ নেবেন। তার মতে, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের যে চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং এই পরিস্থিতি আর উপেক্ষা করার সুযোগ নেই। শিক্ষা, পরিবেশ এবং হিমালয় অঞ্চলের মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সরব সোনম ওয়াংচুকের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থার বিতর্ক, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে দলটি এই আন্দোলনের আয়োজন করেছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনের নেতৃত্ব দিতে ইতিমধ্যে দেশে ফিরছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নতুন মুখপাত্র নিয়োগের মাধ্যমে সক্রিয়তা বাড়ানো হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোনম ওয়াংচুকের মতো একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য মুখ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ায় কর্মসূচিটি জাতীয় পর্যায়ে ব্যাপক গুরুত্ব পেতে পারে। বিশেষ করে লাদাখের অধিকার ও শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে তার অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে বিশাল সাড়া ফেলেছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ৬ জুনকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। এখন দেখার বিষয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শুরু হতে যাওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।
বাংলাফ্লো/এফআইআর






