বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশে ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বেড়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। আজ বৃহস্পতিবার (১৪ মে) ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এর আগে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। হালনাগাদ তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ সময়ে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
ইসি জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাঁদের তথ্য এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ এই তালিকা আগামী জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে ব্যবহৃত হবে।
বাংলাফ্লো/এফআইআর






