বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বরেণ্য এই নাট্যজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে গুলশানের একটি হাসপাতালে এবং পরে আইসিইউ সুবিধার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল মধ্যরাতে তিনি না-ফেরার দেশে চলে যান।
শর্মিষ্ঠা রহমান জানান, আজ বাদ জোহর বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার প্রস্তুতি চলছে।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাটক আন্দোলনের তিনি ছিলেন অন্যতম অগ্রদূত। দুই হাজারেরও বেশি মঞ্চনাটকে অভিনয় এবং অসংখ্য কালজয়ী নাটক নির্দেশনা দিয়ে তিনি বাংলা নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত হন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ




