বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক মহাতারকা কায়সার হামিদের মেয়ে এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (৯ মে) মেয়ের শারীরিক অবস্থার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কায়সার হামিদ স্বয়ং। তিনি জানান, লিভারের গুরুতর জটিলতা এবং সংক্রমণের কারণে কারিনাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কায়সার হামিদ বলেন, “অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে ফ্যাটি লিভারের সমস্যা ছিল, যা ও কিছুটা অবহেলা করেছিল। হঠাৎ লিভারে ইনফেকশন এবং হেপাটাইটিস এ-তে আক্রান্ত হওয়ায় লিভার ফেইলিউর হয়েছে।”
মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। কারিনা কায়সার কেবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবেও শোবিজ অঙ্গনে পরিচিত মুখ। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ সিরিজের মাধ্যমে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তাঁর এই আকস্মিক অসুস্থতায় শোবিজ এবং ক্রীড়াঙ্গন—উভয় মহলেই উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






