স্পোর্টস ডেস্ক
ঢাকা: রেফারির প্রতি আক্রমণাত্মক আচরণের দায়ে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাবেক বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ‘এফসি অ্যান্ডোরা’র মালিক হিসেবে দায়িত্ব পালন করা এই ফুটবল ব্যক্তিত্বকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্লাবের যেকোনো আনুষ্ঠানিক কর্মকাণ্ডে আগামী দুই মাস তার অংশগ্রহণের ওপরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত ১ মে স্প্যানিশ লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে আলবাসেতের কাছে ১-০ গোলে হেরে যায় পিকের মালিকানাধীন এফসি অ্যান্ডোরা। অভিযোগ রয়েছে, ম্যাচ শেষে রেফারির সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পিকে ও ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। এমনকি রেফারির প্রতি হুমকির মতো আচরণও করা হয়। এই একই ঘটনায় ক্লাবের প্রেসিডেন্ট ফেরান ভিলাসেকা এবং স্পোর্টিং ডিরেক্টর জউমে নগেসকেও শাস্তির আওতায় আনা হয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে পিকে রেফারিকে উদ্দেশ্য করে অত্যন্ত উত্তেজিতভাবে মন্তব্য করেছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পিকের পাশাপাশি এফসি অ্যান্ডোরা ক্লাবকেও এই ঘটনার জন্য শাস্তি পেতে হচ্ছে। ক্লাবটিকে আর্থিক জরিমানার পাশাপাশি আগামী দুই ম্যাচের জন্য স্টেডিয়ামের একটি অংশ দর্শকশূন্য রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে অন্যান্য বিনিয়োগকারীদের সঙ্গে মিলে স্পেন ও ফ্রান্স সীমান্তবর্তী ছোট দেশ অ্যান্ডোরায় অবস্থিত এই ফুটবল ক্লাবটি কিনে নেন জেরার্ড পিকে। আগে ক্লাবটি নিম্ন বিভাগে খেললেও পিকের মালিকানায় বর্তমানে তারা স্পেনের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তবে মাঠের বাইরের এই বিতর্ক ক্লাবটির জন্য নতুন এক সংকটের জন্ম দিল।
বাংলাফ্লো/এফআইআর






