বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের পর্দায় তিনি কখনো দুর্ধর্ষ গ্যাংস্টার, কখনো আবার তীক্ষ্ণ বুদ্ধির গোয়েন্দা। নিজের দুর্দান্ত অভিনয়দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয় জয় করলেও, নিজ বাড়িতে মেয়ের কাছে নাকি পাত্তাই পাচ্ছেন না অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী! সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের এমন মজার তথ্য শেয়ার করেছেন এই দাপুটে অভিনেতা।
তিনি জানান, তাঁর সবচেয়ে বড় সমালোচক আর কেউ নন, তাঁরই আদরের মেয়ে শোরা সিদ্দিকী। বিশেষ করে নওয়াজের নাচের দক্ষতা নিয়ে শোরার মন্তব্য একেবারেই ‘ফিল্টারহীন’। নওয়াজউদ্দিন মজার ছলে বলেন, “মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে।” তিনি জানান, পর্দায় তাঁর নাচ দেখে শোরা এমন সব মন্তব্য করেছে যে অভিনেতা নিজের দক্ষতা নিয়েই সংশয়ে পড়ে গেছেন। শোরা কখনোই বাবাকে নিয়ে বাড়তি মুগ্ধতা দেখায় না, বরং ভুল দেখলে সোজাসুজি মুখের ওপর বলে দেয়। তবে মেয়ের এই স্পষ্টবাদিতাকে ইতিবাচকভাবেই দেখেন নওয়াজ।
তিনি মনে করেন, শোরার এই কঠোর সমালোচনা তাঁকে আরও শক্তিশালী পারফরম্যান্স দিতে সাহায্য করে। তাঁর মতে, পরিবারের কেউ যখন এভাবে সরাসরি ভুল ধরিয়ে দেয়, তখন কাজের মান উন্নত করা সহজ হয়। এদিকে বাবার উত্তরসূরি হিসেবে শোরা সিদ্দিকীর ঝোঁকও কিন্তু অভিনয়ের দিকেই। মেয়ের মধ্যে অভিনয়ের এমন প্রতিভা দেখে নওয়াজ যেমন গর্বিত, তেমনি উচ্ছ্বসিত। যদিও শোরা এখনো পেশাদারভাবে বড় পর্দায় পা রাখেনি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ও কিছু কাজ এরই মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে বাবার মতোই শোরাকেও হয়তো বড় পর্দায় দাপিয়ে বেড়াতে দেখা যাবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ
বাংলাফ্লো/এম এইচ এইচ






