বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানকে রক্ষা এবং শহীদদের রক্ত যেন বৃথা না যায়—সেই লক্ষ্যে দল-মত নির্বিশেষে আবারও নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আইডিইবি মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, এটি কোনো নির্দিষ্ট দল বা জোটের বিষয় নয়, বরং এটি সমগ্র বাংলাদেশকে রক্ষা করার বিষয়।
বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বললেও, অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ ও ‘জুলাই অধিদপ্তর’-এর বিষয়গুলো বাস্তবায়নে তাদের অনেক ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে। আগামী দিনের আন্দোলনে নেতাদের ভূমিকা নিয়ে তিনি বলেন, এবার রাজপথের আন্দোলনে সামনের সারিতে থাকবেন নেতারাই এবং গুলি এলে তা আগে তাদের বুকেই লাগবে। নতুন বাংলাদেশ ও কাঙ্ক্ষিত সংস্কার প্রতিষ্ঠায় বিএনপি কিংবা যেকোনো পরাশক্তি বা বৈদেশিক শক্তিকে পরাজিত করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন এনসিপির এই আহ্বায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাফ্লো/এফআইআর



