স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিসিবির বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বের জেরে চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল দেশের ক্রিকেটারদের আয়ের অন্যতম বড় উৎস ঢাকা লিগ। তবে সব শঙ্কা কাটিয়ে লিগ মাঠে গড়ানোর বিষয়ে আজ (বৃহস্পতিবার) সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সন্ধ্যা সাড়ে ৬টায় বিসিবি কার্যালয়ে চা-চক্রের মধ্য দিয়ে এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে।
বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল গতকালই ঢাকা লিগ আয়োজনের বিষয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছিলেন। আজকের বৈঠকে মূলত ক্রিকেটারদের দলবদল এবং খেলা মাঠে গড়ানোর দিন-তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লিগ দ্রুত শুরু করতে প্রয়োজনে মাঠ ভাড়া করার ঘোষণাও দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তিনি জানান, দেশে প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের মতো অনেক প্রাইভেট একাডেমি রয়েছে, দরকার হলে সেসব মাঠ ভাড়া করেই খেলা চালানো হবে। এদিকে, ঢাকা লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্তে লাল বলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






