আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর চরম উত্তেজনার মাঝে অবশেষে হামলা থেকে সাময়িকভাবে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আগামী দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও হামলার হুমকি স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প একে একটি ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে এই যুদ্ধবিরতি কার্যকরের জন্য একটি কঠিন শর্তও জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি উন্মুক্ত করে দেয়, কেবল তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের কাছে ইরান ১০ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে, যাকে তারা সমঝোতা ও আলোচনার একটি কার্যকর ভিত্তি বলে মনে করছেন। তার মতে, চুক্তির পথে থাকা বড় বাধাগুলো ইতোমধ্যেই প্রায় কেটে গেছে এবং অতীতের বিরোধপূর্ণ প্রায় সব বিষয়েই যুক্তরাষ্ট্র ও ইরান একমত হতে পেরেছে। এই দুই সপ্তাহের বিরতি চলমান চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং সম্পন্ন করতে সহায়তা করবে বলে আশাবাদী তিনি। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধানের কাছাকাছি পৌঁছানোকে নিজের জন্য সম্মানের বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
বাংলাফ্লো/এফআইআর






