শিক্ষা ডেস্ক
ঢাকা: ইরান যুদ্ধের জেরে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস পরিচালনায় নতুন পদ্ধতির কথা ভাবছে সরকার। সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে (অফলাইন) ক্লাস নেওয়ার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, বুধবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী, জোড়-বিজোড় তারিখ বা শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী ক্লাস ভাগ করে এই হাইব্রিড পদ্ধতি পরিচালনা করা হবে। তবে অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস সরাসরি ল্যাবেই সম্পন্ন করা হবে। মূলত দীর্ঘ ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি পূরণ এবং জ্বালানি সংকটের কারণে যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখেই আপাতত পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার।
বাংলাফ্লো/এফআইআর





