বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান দিয়ে সাধারণ মানুষকে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস পূর্তি উপলক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের কারণে দেশে প্যানিক বায়িং শুরু হয়েছে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই পরিস্থিতিকে পুঁজি করতে চাইছে। তাই গণমাধ্যমের সাহায্যে জনসচেতনতা তৈরি করে এই অহেতুক আতঙ্ক দূর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
হরমুজ প্রণালির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে প্রভাব পড়লেও দেশে এখনো তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশে জ্বালানির দাম এখনো বেশ কম রয়েছে বলে জানান তিনি।
বিগত সরকারের আমলে দেশে গ্যাস উত্তোলনের কোনো পদক্ষেপ না নিয়ে পুরো জ্বালানি ও বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল বলে কড়া সমালোচনা করেন জহিরুদ্দিন স্বপন।
সরকারের এক মাস পূর্তির এই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর



