বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারপ্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদনের পরপরই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে পুনরায় ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। এর আগে, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে সবচেয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করেন। পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।
বাংলাফ্লো/এফআইআর






