অর্থনীতি ডেস্ক
ঢাকা: আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে আসছে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইনের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে অন্যান্য শাখায় পাওয়া যাবে।
নোটটির ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে। তবে নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত ১০ টাকার সব নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে এবং লেনদেনে ব্যবহার করা যাবে।
নতুন নোটের বৈশিষ্ট্যসমূহ:
আকার: ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার।
সম্মুখভাগ: বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার ছবি।
পেছনভাগ: ‘গ্রাফিতি ২০২৪’-এর চিত্র মুদ্রিত হয়েছে।
নিরাপত্তা বৈশিষ্ট্য: জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা (যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজে পরিবর্তিত হবে), এবং ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে ‘নমুনা নোট’ (Specimen) সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






