বিনোদন ডেস্ক
ঢাকা: অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে অতিথি করায় এবার রাজনৈতিক তোপের মুখে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। সম্প্রতি নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে রহমানকে আমন্ত্রণ জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা নীতেশ রানে। তার অভিযোগ, ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্যকারী একজনকে এমন জনপ্রিয় মঞ্চে জায়গা দেওয়া সমীচীন হয়নি।
নীতেশ রানে এক বিবৃতিতে বলেন, ‘বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতি সবার আগে। এ আর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।’ তিনি ওটিটি কর্তৃপক্ষকে ওই পর্বটি পুনরায় বিবেচনা করার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন যে, বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা চলবে না।
উল্লেখ্য, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান অভিযোগ করেছিলেন, ‘ধর্মীয় বিভাজন’-এর কারণে গত আট বছরে তিনি বলিউডে অনেক কাজ হারিয়েছেন। এই মন্তব্য ঘিরে ভারতে ব্যাপক বিতর্ক শুরু হলে পরে তিনি ব্যাখ্যা দেন যে, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং তিনি একজন গর্বিত ভারতীয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ






