বিনোদন ডেস্ক
ঢাকা: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন জনপ্রিয় তারকা তাহসান খান। সব জল্পনা কাটিয়ে ফের পর্দায় ফিরছেন তিনি। তবে কোনো নাটক বা সিনেমায় নয়, জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।
প্রথম সিজনে তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় আয়োজক প্রতিষ্ঠান ‘বঙ্গ’ দ্বিতীয় সিজনেই তার ওপর আস্থা রেখেছে। ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় নির্মিত এই শো-টি নিয়ে বেশ আশাবাদী তাহসান।
নতুন সিজন সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, ‘এবারের আয়োজনটি সত্যিই জমে উঠেছে। সবচেয়ে বিশেষ দিক হলো, এবারের প্রশ্নগুলোর জন্য সারা দেশের ৬৪টি জেলায় সার্ভে করা হয়েছে। ফলে উত্তরগুলো যেমন মজার, তেমনই চমকপ্রদ।’
আগামী ১৯ জানুয়ারি (সোমবার) থেকে এনটিভিতে শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ২’। প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এটি প্রচারিত হবে এবং পুনঃপ্রচার দেখা যাবে প্রতি বুধবার দুপুর ১টায়।
বাংলাফ্লো/এফআইআর






