বিনোদন ডেস্ক
ঢাকা: নব্বইয়ের দশকের টিভি পর্দার তুমুল জনপ্রিয় জুটি বিপাশা হায়াত ও তৌকির আহমেদ। পর্দার সেই রোমান্টিক রসায়ন বাস্তবে পরিণয় পায় ১৯৯৯ সালে। দীর্ঘ আড়াই যুগেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে ভক্তদের আগ্রহের কমতি নেই এই তারকা দম্পতিকে ঘিরে। সম্প্রতি এক পডকাস্টে নিজেদের বিয়ের আগের স্বপ্ন এবং বর্তমান বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন বিপাশা হায়াত।
ওই পডকাস্টে শুরুতে অতিথি ছিলেন তৌকির আহমেদ, পরে চমক হিসেবে যোগ দেন বিপাশা। নিজেদের সম্পর্কের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে বিপাশা বলেন, ‘তৌকিরের সঙ্গে যখন পথচলা শুরু, তখন থেকেই আমরা স্বপ্ন দেখতাম—একসঙ্গে পৃথিবী ঘুরব, প্রাচীন নিদর্শন দেখব, প্রচুর গান শুনব, সিনেমা দেখব এবং বই পড়ব। সব মিলিয়ে আমরা একটি স্বপ্নময় জীবনের আকাঙ্ক্ষা করেছিলাম।’
বিয়ের এত বছর পর সেই স্বপ্নের কতটুকু পূরণ হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিপাশা জানান, তারা তাদের প্রত্যাশার সেই ‘ড্রিমি লাইফ’ বা স্বপ্নময় জীবনই এখন যাপন করছেন। উল্লেখ্য, এই তারকা দম্পতি বর্তমানে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। বিপাশা দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও তৌকির আহমেদ নিজেকে ব্যস্ত রেখেছেন চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীল কাজে।
বাংলাফ্লো/এফআইআর






