বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে কারচুপির অভিযোগ তুলেছে বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এই অভিযোগের কথা জানান।
নজরুল ইসলাম খান দাবি করেন, বিদেশে পাঠানো ব্যালট পেপারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক তালিকার শুরুতে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম ও প্রতীক এমনভাবে মাঝখানে রাখা হয়েছে যে ভাঁজ করলে তা ভোটারদের নজরেই পড়বে না। তিনি বলেন, “কমিশন অ্যালফাবেট বা বর্ণানুক্রমিক সাজানোর কথা বললেও বিষয়টি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে বলে আমরা মনে করি।” বিএনপি অবিলম্বে এই ব্যালট সংশোধনের দাবি জানিয়েছে।
এছাড়া বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতির অভিযোগও তিনি তুলে ধরেন। তিনি জানান, বাহরাইনে একটি বিশেষ দলের নেতাকর্মীরা পোস্টাল ব্যালট নিজেরা নিয়ন্ত্রণ করছেন—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কমিশন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগও করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ইসির অনুরোধে তারেক রহমান তার উত্তরাঞ্চল সফর বাতিল করেছেন, অথচ অন্য দলের শীর্ষ নেতারা নির্বিঘ্নে জনসমাগম করে ভোট চাইছেন। পাশাপাশি কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ও এনআইডি কার্ড সংগ্রহের নামে জালিয়াতির বিষয়েও কমিশনকে সতর্ক করেন তিনি। সংস্কার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বিএনপি সংস্কারের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে।
বাংলাফ্লো/এফআইআর






