স্পোর্টস ডেস্ক
ঢাকা: নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি মনে করেন, মুস্তাফিজের মতো তারকাকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা কেবল বাংলাদেশের জন্য নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। ভারতের এমন আচরণের কঠোর সমালোচনা করে আফ্রিদি বলেন, “ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করেছে এবং শেষ এরাই করবে। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে (ভারতে বিশ্বকাপ না খেলা), সেটা একদম সঠিক। ভারত আসলে টাকার দাপট দেখাচ্ছে।”
আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ ভারতীয় হওয়ায় সংস্থাটির ওপর ভারতের বাড়তি প্রভাবের বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও আফ্রিদি আইসিসিকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, “আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ এখনো রয়েছে। মনে রাখতে হবে, আইসিসি মানে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, এটি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’। ক্রিকেটকে বাঁচাতে হলে আইসিসিকে ভারতের দিকে ঝুঁকে থাকার প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।”
বাংলাফ্লো/এফআইআর






