আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই হামলাই প্রমাণ করে যে, মস্কো আসলে যুদ্ধ শেষ করতে চায় না, বরং তারা ইউক্রেনীয়দের ভোগান্তি আরও বাড়াতে চায়।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে কিয়েভ ও এর আশপাশের এলাকায় চালানো রুশ হামলায় একজন নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছেন।
হতাহতঃ কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক জানান, হামলায় ৪৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রচণ্ড শীতের মধ্যে এই হামলায় বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রায় ৩ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। ২ হাজার ৬০০টি আবাসিক ভবন এবং শত শত স্কুল ও কিন্ডারগার্টেনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
হামলার পর জেলেনস্কি বলেন, “রাশিয়ানরা যুদ্ধ শেষ করতে চায় না এবং বিশ্বজুড়ে অন্যদের ওপর চাপ বৃদ্ধিতে তারা প্রতিটি সুযোগ কাজে লাগাতে চায়।” এই পরিস্থিতির মধ্যেই রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
প্রস্তাবিত পরিকল্পনায় বর্তমান যুদ্ধরেখা ধরে সংঘাত স্থগিত রাখা এবং পূর্বাঞ্চলে একটি ‘বাফার জোন’ গড়ে তোলার কথা বলা হয়েছে। তবে শুক্রবার রাশিয়া অভিযোগ করেছে যে, জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।
বাংলাফ্লো/এফআইআর






