বিনোদন ডেস্ক
ঢাকা: শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার হাজির হচ্ছেন আরও এক হাড়হিম করা গল্প নিয়ে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তার নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। আর এতেই নিজের ভয়ংকর ও বিধ্বংসী রূপ প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
কয়েক সেকেন্ডের মোশন পোস্টার বা ফার্স্ট লুকে দেখা গেছে এক অবিশ্বাস্য দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে রক্তের ছোপ। মাঝখানে রক্তভর্তি বাথটাব, যার ভেতরে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে সিয়াম আহমেদ। তার এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। মৃত বাঘটির দিকে গুলি ছোড়ার ভঙ্গিতে দাঁড়ানো সিয়ামের দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল। এই দৃশ্যটি একাধারে ধ্বংসাত্মক ও বিষাদগ্রস্ত অনুভূতির ইঙ্গিত দিচ্ছে।
বুধবার এফডিসিতে অনুষ্ঠিত ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে সিয়াম জানান, ‘রাক্ষস’ কোনো সাধারণ সিনেমা নয়। ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট বা হিংস্র হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে এই ছবি। এই চরিত্রের জন্য তিনি দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম ও প্রস্তুতি নিয়েছেন।
‘রাক্ষস’-এ সিয়ামের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। সিনেমাটির প্রযোজনা করছেন শেহরিন সুমি। জানা গেছে, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় ছবির কিছু অংশের শুটিং হবে।
‘বরবাদ’-এর চেয়েও ভয়ংকর? শুরুতে ধারণা ছিল ‘বরবাদ’-এর পর নির্মাতা হয়তো কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন। কিন্তু ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশের পর স্পষ্ট বোঝা যাচ্ছে, মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স এবং অন্ধকার জগতের এমন এক সীমানা ছুঁতে চলেছেন, যা ঢাকাই চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না।
বাংলাফ্লো/এফআইআর






