বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ঐতিহাসিক উদ্যোগে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। ভোটারদের দেওয়া অসম্পূর্ণ ও ভুল ঠিকানার কারণে মধ্যপ্রাচ্যসহ সাতটি গুরুত্বপূর্ণ দেশে সাময়িকভাবে নিবন্ধন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই বিভ্রান্তি তৈরি হওয়ায় ইসি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ জানান, যে সাতটি দেশে নিবন্ধন আপাতত স্থগিত করা হয়েছে সেগুলো হলো— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
ইসি সূত্র জানায়, বিপুল সংখ্যক প্রবাসী ভোটার অ্যাপে নিবন্ধনের সময় তাদের ডাক ঠিকানা বা বসবাসের পূর্ণাঙ্গ ঠিকানা সঠিকভাবে পূরণ করেননি। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার কোনো ভোটারের কাছেই পাঠানো সম্ভব হবে না। ফলে ব্যালট প্রেরণের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই দেশগুলোতে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
স্থগিত হওয়া দেশগুলোর প্রবাসী ভোটারদের প্রতি ইসি দ্রুত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ঠিকানা সংক্রান্ত এই জটিলতা নিরসন হলেই ওই দেশগুলোতে পুনরায় নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।
বাংলাফ্লো/এফআইআর






