বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে, আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সার্বিক নিরাপত্তা কৌশল পর্যালোচনা ও চূড়ান্ত করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব এবং পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে মূলত তিনটি প্রধান বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে:
১. সমন্বিত কর্মকৌশল: নির্বাচনকালীন সময়ের জন্য একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা।
২. মোতায়েন সময়কাল: ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, তা নির্ধারণ করা। গত ২০ অক্টোবরের প্রাক-প্রস্তুতিমূলক সভায় মোট ৮ দিন বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছিল।
৩. জনবল নির্ধারণ: প্রতিটি ভোটকেন্দ্রে কতজন নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবেন। আগের আলোচনায় কেন্দ্রপ্রতি ১৩ থেকে ১৮ জন সদস্য রাখার বিষয়টি উঠে এসেছিল, যা আজ চূড়ান্ত হতে পারে।
ইসি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজকের বৈঠকেই বাহিনীর মোতায়েন সংখ্যা ও সময়কাল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






