বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটদান নিশ্চিত করতে, ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) নামে একটি বিশেষ নিবন্ধন অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ নভেম্বর (মঙ্গলবার) অ্যাপটি উদ্বোধন করা হবে। তবে, প্রবাসীদের প্রত্যাশা পূরণে খুব দ্রুত এই প্রক্রিয়াটি চালু করতে হওয়ায়, “যথাযথ ট্রায়ালের সময় পাওয়া যায়নি” বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে, প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি নিয়ে দূতাবাস ও মিশন অফিসের কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন সভায় তিনি এসব তথ্য জানান।
প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, “প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় সাধারণত দীর্ঘ ট্রায়াল প্রয়োজন হয়। কিন্তু প্রবাসীদের প্রত্যাশা পূরণে আমরা দ্রুত কাজ করতে গিয়ে সেই সময় পাইনি। প্রথম চ্যালেঞ্জটা নতুনত্বের- এখানে টুকটাক সমস্যা থাকতে পারে।” তিনি এই প্রক্রিয়ায় সবাইকে সহযোগিতা করার এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করার আহ্বান জানান।
ইসি সানাউল্লাহ প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, অ্যাপটি উদ্বোধনের পর প্রবাসীদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও ঠিকানা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর, তাঁদের দ্রুততম সময়ে ভোট দিয়ে ব্যালট পেপার পাঠাতে হবে। তিনি জানান, এবার একটি বড় পরিবর্তন আনা হয়েছে। ভোট দেওয়ার পর ফেরত খাম আর নির্বাচন কমিশনে আসবে না, বরং সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যাবে। ডাক বিভাগ ঢাকায় খামগুলো সংগ্রহ করে তা রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবে। দেশে ভোট গণনার দিনই কেন্দ্রভিত্তিক প্রবাসীদের ভোটও গণনা করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, “সময়মতো ব্যালট না পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না।”
বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






