ছবিশিকারিদের সঙ্গে দুর্ব্যবহার করে বার বার শিরোনামে এসেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। তার এই আচরণ নিয়ে কম নিন্দা হয়নি। যেখানে-সেখানে ক্যামেরা তাক করে ছবি তোলা একেবারেই পছন্দ করেন না তিনি। তাইতো অনুরাগী ও চিত্রগ্রাহকদের কথা শোনাতেও ছাড়েন না তিনি।
কিন্তু বাস্তবেও কি এতটাই খিটখিটে মেজাজের জয়া? তাহলে কেনই বা ছবিশিকারিদের দেখলেই রেগে যান এই অভিনেত্রী? এবার সে তথ্যই ফাঁস করলেন করণ জোহর।
জয়া বচ্চনের সঙ্গে করণের পারিবারিক সম্পর্ক। ছোটবেলা থেকেই জয়াকে দেখছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেত্রী তার মাতৃসম, এমনটাই বলেন করণ। তার পরিচালনায় ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে কাজ করেছেন জয়া। দিনকয়েক আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে জয়াকে ‘আন্টি জে’ বলে সম্বোধন করেন তিনি।
করণ বলেন, ‘‘ছোটবেলা থেকে ওকে চিনি। ছবিতে জয়া আন্টিকে পরিচালনা করার সৌভাগ্য হয়েছে আমার। ওদের ধারা আমরা বহন করছি। তবে যে কথাটা বলতে চাই, সেটা হল, ‘জয়া আন্টি খুব নরম মনের মানুষ’। এটা সকলের জানা উচিত, বিশেষ করে ছবিশিকারিদের।’’
করণের কাছে এমন কথা শুনে হেসে ফেলেন জয়া নিজেও। এই প্রসঙ্গে জয়া বলেন, ‘‘কোন অনুষ্ঠান গেলে আমি নিজেই ছবি তুলতে পছন্দ করি। কিন্তু যখন কোন ব্যক্তিগত কাজে বের হই বা কোন অনুষ্ঠানে যাই, সেখানে চুপিচুপি ছবি তোলা পছন্দ নয় আমার।’’- নিউজ ১৮


