অক্টোবরের শুরুতে দলের সঙ্গে অনুশীলনের সময় কব্জিতে চোট পেয়ে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া ফেরত যেতে হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে। অভিজ্ঞ অলরাউন্ডার চোট কাটিয়ে ফিরলেন ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে।
ভারত সিরিজে ম্যাক্সওয়েলের ফেরা নিয়ে ধোঁয়াশা ছিল। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচ খেলতে তাকে দলে রেখেছে অস্ট্রেলিয়া।
দলের বাইরে থাকার সময়টা অন্যভাবে কাজে লাগিয়েছেন ম্যাক্স। সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মেলবোর্ন স্টার্সের। মেলবোর্ন স্টার্স খেলছে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি আসর স্প্রিং চ্যালেঞ্জে।
অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিটি খেলবে ২৯ অক্টোবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অজিরা।


