ইসলামি শাসনে পরিচালিত ইরানে নারীদের হিজাব পরার বাধ্যতামূলক আইন রয়েছে। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের বিয়ে ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কনে মুসলমান হওয়া সত্ত্বেও স্ট্র্যাপলেস বিয়ের গাউন পরেছেন। তার মাথাও খোলা এবং চুল দেখা যাচ্ছে। জানা গেছে, ইরানের প্রধান নেতা আলি খামেনির ঘনিষ্ঠ আলী শামখানির মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল সেটি, কনে শামখানির মেয়ে।
জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসে শামখানির মেয়ের বিয়ে হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এতে দেখা যাচ্ছে— তেহরানের বিলাসবহুল এস্পিনাস প্যালেস হোটেলে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য অ্যাডমিরাল শামখানি তার মেয়েকে হাত ধরে স্বামীর কাছে নিয়ে যাচ্ছেন। এ সময় কনে ফাতেমাকে একটি ছোট, স্ট্র্যাপলেস পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে, যার মাথাও প্রায় স্পষ্টভাবে খোলা ছিল।
ভিডিওতে শামখানির স্ত্রীকে একই রকম খোলামেলা নীল রঙের লেইসের সান্ধ্য গাউন পরা অবস্থায় দেখা যাচ্ছে, তার পিঠ এবং পাশের অংশ খালি। তিনিও মাথায় স্কার্ফ পরেননি। ভিডিওতে আরও বেশ কয়েকজন নারীকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এই ভিডিও ফুটেজটি ১৭ অক্টোবর এক্সে ফাঁস হয় বলে জানা গেছে।
পশ্চিমা ধাঁচের এই অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জানানো হয়েছে। সাধারণ নারীদের ক্ষেত্রে শালীনতা ও হিজাবের নিয়ম বহাল রাখা হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানে ঠিক উল্টো জিনিস দেখা গেছে।
শামখানি একসময় হিজাববিরোধী প্রতিবাদ–বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এখন তার বিরুদ্ধে হিজাবের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।


