বিনোদন ডেস্ক
ঢাকা: স্ত্রীর অপমৃত্যুর মামলায় দীর্ঘ আইনি জটিলতা, জেল ও রিমান্ডের পর্ব কাটিয়ে দীর্ঘ সাত মাস পর আবারও নাটকের শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার আলোচিত অভিনেতা জাহের আলভী। সম্প্রতি ক্যামেরার সামনে ফেরার বিশেষ মুহূর্তটি নিজের ফেসবুক পেজে শুটিং সেটের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে আলভী লেখেন, ‘ক্যামেরা – স্বাগতম তোমার রাজ্যে!’
জানা গেছে, নির্মাতা সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নামের একটি একক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন আলভী। দীর্ঘ বিরতির পর সেটে ফিরে কলাকুশলীদের সঙ্গে নিয়ে কেক কেটে এই কামব্যাক উদ্যাপন করেন তিনি। নতুন এই নাটকে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন শক্তিমান অভিনেতা শিবা শানু।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নেপালে একটি নাটকের শুটিংয়ে থাকাকালীন সময়ে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পাওয়া যায়। পরবর্তীতে ইকরার পরিবারের দায়ের করা মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ আইনি লড়াই, জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয়। গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর সবকিছু সামলে আবারও নিয়মিত অভিনয়ে মনোনিবেশ করলেন এই অভিনেতা।
বাংলাফ্লো/এম এইচ এইচ









