আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের।
হুমকির মুখেও আলোচনা চলছে জানিয়ে ট্রাম্প বলেন,
‘আমরা এখনই তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে তারা ততই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর কারণটা হয়তো সবার কাছেই পরিষ্কার।’
ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান, ‘না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরানে নতুন করে হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। এই অভিযান হলে তা ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় হতে পারে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।’
তবে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, সামরিক অভিযানের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং নতুন কোনো নির্দেশ জারি করা হয়নি। ট্রাম্পও সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












