জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ পাঁচ আসামির মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের একটি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হত্যা ও অস্ত্র—উভয় মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের সীমান্ত এলাকা থেকে চার সহযোগীসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দেওয়া তথ্যমতে, ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন থানায় হত্যা, অবৈধ অস্ত্র রাখা ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












