আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলীয় জুবাইল উপকূল থেকে ৭৩ নটিক্যাল মাইল দূরে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার (১৭ অক্টোবর) জানিয়েছে, ছোট নৌকায় করে এসে হামলাকারীরা ট্যাংকারটির পেছনের অংশে রকেট-প্রোপেলড গ্রেনেড (আরপিজি) ছোড়ে।
ইউকেএমটিও নিশ্চিত করেছে, এই হামলায় জাহাজটির কোনো ক্রু বা নাবিক হতাহত হননি এবং সবাই নিরাপদে রয়েছেন। তবে জাহাজটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা এতে সামুদ্রিক পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
অন্যদিকে লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদায় হুথি বিদ্রোহীদের অস্ত্র চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











